উন্নত জীবনের রঙিন স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে এক বাংলাদেশি যুবককে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত অধিদপ্তর (সিআইডি)।
অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাটোর জেলা থেকে চক্রের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. সোহেল রানা (৪৫)। সিআইডির পক্ষ থেকে জানানো হয়, গত ১২ নভেম্বর দুপুর ১টার দিকে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তদন্ত সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের মো. আবদুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে পরিবারের ভাগ্যোন্নয়নের আশায় সোহেল নামের এক বাংলাদেশি এজেন্টের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরই তিনি একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েন এবং বন্দি হন।
২০২৫ সালের ৫ আগস্ট সাইফুলের স্ত্রী একটি লিবীয় নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারেন যে তার স্বামী বন্দি রয়েছেন। অপহরণকারী চক্রটি মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি মুক্তিপণের অন্তত অর্ধেক টাকা না দেওয়া পর্যন্ত পরিবারের কাউকে সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলেও জানিয়েছিল তারা।
পরিবারটি চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড়ে এক বিকাশ এজেন্টের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন মোবাইল নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কথা বলতে দেয়নি।
পরবর্তীতে সোহেল পরিচয়দানকারী এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে স্বামীর খোঁজ দেওয়ার ও উদ্ধারের নামে নিজে লিবয়ায় যাওয়ার প্রস্তাব দেয়। সে তাকে ঢাকার কদমতলী এলাকায় দেখা করতে বলে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর আরেকটি কলার সাইফুলের বাবাকে ফোন করে ছেলেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে আরও ৪২ লাখ টাকা দাবি করে। কলার জানায়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামে দুজন সাইফুলকে আটকে রেখেছে। কিন্তু ৭০ বছর বয়সি অসহায় বাবা ছেলের সঙ্গে কথা বলার সুযোগ না পেয়ে আর কোনো টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর থেকে অপহরণকারীরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা আবদুস সামাদ গত ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিআইডির হাতে ন্যস্ত করা হয়।
তদন্তকালে সিআইডি তথ্য, ডিজিটাল প্রমাণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দুই পাচারকারীকে শনাক্ত করতে সক্ষম হয় এবং সফল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে পাচার চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করতে, চক্রের রুটগুলো উদঘাটন করতে এবং লিবয়ায় বন্দি সাইফুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...