কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ কম থাকবে। আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এ সময়ে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দেবে।
গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
অর্থাৎ, টার্মিনালের রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।
গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে পেট্রোবাংলা।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পেট্রোবাংলা জানিয়েছে, কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে সরবরাহ কমবে এবং চাপের সমস্যা দেখা দিতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...