1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৩ নভেম্বর, ২০২৬ দুপুর ০২:২৬

সাগর-রুনির পথেই হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
সাগর-রুনির পথেই হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার মতোই যেন এক অসীম দীর্ঘসূত্রতার জালে আটকে পড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচারপ্রক্রিয়া। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বারবার পিছিয়ে যাচ্ছে সিআইডির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২১ বারের মতো সময় পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন।


আজ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব)-এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তা দাখিল করতে পারেননি। আদালতকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান।


আরও পড়ুন: ৪৩ বস্তা টাকার ভিড়ে পাগলা মসজিদের দানবাক্সে ‘হাদি হত্যার বিচার’ চেয়ে চিঠি


এর আগে এই মর্মান্তিক হত্যা মামলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক কাউন্সিলর বাপ্পি ও ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট বা অভিযোগপত্র জমা দিয়েছিল। কিন্তু ডিবির ওই চার্জশিটে চরম অসন্তোষ প্রকাশ করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। ডিবির তদন্তে গলদ রয়েছে দাবি করে তিনি আদালতে নারাজি আবেদন জানালে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করেন এবং অধিকতর নিরপেক্ষ ও নিবিড় তদন্তের জন্য মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের নির্দেশ দেন।


মামলার বিবরণ অনুযায়ী, ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পন্ন করেন শহিদ ওসমান হাদি। সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে বেলা ২টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী অটোরিকশাটি পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে দূর থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।


গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি।


দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এ পর্যন্ত ১৩১ বার পেছানো হয়েছে তাদের তদন্ত প্রতিবেদন জমার তারিখ। বয়সের ভারে নুয়ে পড়া সাগরের বৃদ্ধা মা সালেহা মনির এখনো জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছেলে-পুত্রবধূর হত্যার বিচার পাওয়ার আকুল প্রতীক্ষায় আছেন। হাদি হত্যা মামলার ক্ষেত্রেও বারবার প্রতিবেদন পেছানোর এই ঘটনা বিচারপ্রার্থী ও সচেতন মহলকে চরম হতাশায় ফেলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...