চীনের ইতিহাসের প্রভাবশালী ও সম্মানিত নেতা মাও সে তুংকে নিয়ে মন্তব্য করায় বিশাল অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপের একটি ফরাসি পডকাস্টের পুরোনো মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত চীনা জনগণের ক্ষোভ ও বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা এড়াতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে ক্লাবটি। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে তুংকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ বা উপহাস করা চীনে অত্যন্ত সংবেদনশীল এবং সামাজিকভাবে কঠোর ট্যাবু হিসেবে গণ্য করা হয়। ১৯৪৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশ শাসনকারী এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে চীনা নাগরিকদের এই তীব্র অনুভূতির কারণেই বিশ্ব ফুটবলের অন্যতম লাভজনক এই বাজারে বড় ধাক্কা খেয়েছে রিয়াল।
সম্প্রতি একটি ফরাসি পডকাস্টের ভিডিওতে কিলিয়ান এমবাপেকে একটি মজার মিম নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা যায়। সেই ভাইরাল মিমে এমবাপের মুখ ফটোশপ করে একটি ঐতিহাসিক ছবির ওপর বসানো হয়েছিল। পডকাস্টে এমবাপে ওই ছবি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, “কোনো এক লোক – আমার মনে হয় সে একজন চীনা স্বৈরশাসক”
ইউরোপীয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপেকে দলের মধ্যে অতিমাত্রায় ক্ষমতাধর বা ‘স্বৈরশাসক’ হিসেবে ফুটিয়ে তুলতে প্রায়ই এমন মিম তৈরি করা হয়, যা বোঝাতে চায় ক্লাবের সিদ্ধান্ত গ্রহণে তাঁর অতিরিক্ত প্রভাব রয়েছে। কিন্তু এমবাপের মুখ থেকে ‘চীনা স্বৈরশাসক’ শব্দযুগল উচ্চারিত হওয়ামাত্রই তা সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা চীনা নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
চীনের লাভজনক বাজারে ফুটবল ক্লাব ও তারকাদের বাণিজ্যিক স্বার্থ যে কতটা নড়বড়ে হতে পারে, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। এমবাপের মন্তব্যের জেরে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জনপ্রিয় সম্প্রচার প্ল্যাটফর্ম মিগু (Migu) বড় পদক্ষেপ নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে যে, রবিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচটি তাদের চ্যানেলে একেবারেই দেখানো হবে না। অথচ এই সপ্তাহান্তে লা লিগার বাকি ৯টি ম্যাচই মিগু সরাসরি সম্প্রচার করবে।
শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদ ও এমবাপের বাণিজ্যিক ইমেজ ধুলিস্যাৎ করে দিয়ে চীনের বেশ কিছু শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে— দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা মেংনিউ, সাংহাই মিল্কগ্রাউন্ড ফুড টেক এবং জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ইস্টরক
এই প্রতিষ্ঠানগুলো এমবাপের সঙ্গে তাদের সমস্ত ধরনের সহযোগিতা ও স্পন্সরশিপ চুক্তি অবিলম্বে স্থগিত বা বাতিল করেছে।
পরিস্থিতি বেগতিক দেখে দেরি না করে বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে: “আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপের সাম্প্রতিক মন্তব্যে চীনা জনগণের যে কোনো অস্বস্তির জন্য রিয়াল মাদ্রিদ সিএফ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে। আমাদের ক্লাব চীন, তার ইতিহাস, সংস্কৃতি ও নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে; সেইসাথে রিয়াল মাদ্রিদের প্রতি স্নেহ ও মুগ্ধতা পোষণকারী লক্ষ লক্ষ চীনা ভক্তের প্রতিও আমরা কৃতজ্ঞ।”
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে জানান, এমবাপে ও রিয়াল মাদ্রিদের এই ক্ষমা প্রার্থনার বিষয়টিকে বেইজিং গুরুত্বের সাথেই বিবেচনা করছে। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক তৎপরতা ও দুঃখপ্রকাশের পর চীনের বাজারে রিয়াল মাদ্রিদ ও এমবাপের হারানো সুদিন কত দ্রুত ফিরে আসে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...