1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১২ নভেম্বর, ২০২৬ দুপুর ১১:০৪

df748654-23fc-419f-af71-530d82f3bb48_1200x730.webp

পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগোলেও চলতি অর্থবছরে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা কর্মসূচি থেকে ফসলটি বাদ পড়েছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সূত্র জানায়, গত ২ নভেম্বর কৃষি মন্ত্রণালয় রবি মৌসুমে সাতটি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রায় ১৯৯ কোটি টাকার কৃষি প্রণোদনার সরকারি আদেশ (জিও) জারি করে। কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। তবে এ তালিকায় পেঁয়াজ রাখা হয়নি।

এমনকি সরকারের নীতিগত পরিকল্পনা অনুযায়ী অন্যান্য শস্যের প্রণোদনাও পর্যায়ক্রমে বন্ধের চিন্তা রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।

দুই বছরে উৎপাদন বেড়েছে প্রায় ৩০ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে পেঁয়াজ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছিল ৩৯ লাখ ১১ হাজার ২০০ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টনে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার ৯০০ টন।

অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ১১ লাখ ৭৯ হাজার ৭০০ টন বা প্রায় ৩০ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, কৃষকদের প্রচেষ্টার পাশাপাশি সরকারের প্রণোদনা ও নীতিগত সহায়তা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ উৎপাদনে এক লাখ ৪১ হাজার ৯০০ কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছিল। তবে চলতি অর্থবছরের কর্মসূচিতে পেঁয়াজ অন্তর্ভুক্ত না হওয়ায় উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি

কৃষিসংশ্লিষ্টদের মতে, এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় ৪০ থেকে ৪২ টাকা। অথচ মৌসুমের শুরুতে আড়তে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হয়। এতে কেজিপ্রতি দাম পড়ে ২০ থেকে ২৫ টাকা।

পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় কৃষককে মৌসুমেই তা বিক্রি করতে হয়। ফলে কেজিপ্রতি প্রায় ২০ টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়েন তাঁরা। এই ক্ষতি পুষিয়ে নিতে বিনামূল্যে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের মাধ্যমে সংরক্ষণ সুবিধা দেওয়ার কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করে আসছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দীন আমার দেশকে বলেন, পেঁয়াজের প্রণোদনা ও সংরক্ষণ বাবদ সরকারের বার্ষিক খরচ মাত্র ২০ থেকে ৩০ কোটি টাকা হলেও এর বিপরীতে দেশের প্রায় ৩০ হাজার কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় হয়েছে।

তিনি বলেন, এ স্থিতিশীলতা বজায় রাখতে কৃষকদের মধ্যে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের প্রণোদনা অন্তত আরও পাঁচ বছর অব্যাহত রাখা প্রয়োজন। অন্যথায় আবারও সিন্ডিকেট ও আমদানিচক্রের খপ্পরে পড়তে হতে পারে।

প্রণোদনা বন্ধ হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম আমার দেশকে বলেন, সেচ ও সারসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ অনেক বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তা ও ভর্তুকি বন্ধ করা হলে কৃষকেরা চাষাবাদে উৎসাহ হারাবেন এবং দেশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

দেশ এখনো পুরোপুরি উদ্বৃত্ত পর্যায়ে পৌঁছায়নি উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেন।

উৎপাদন ব্যয়ের চাপের কথা তুলে ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পেঁয়াজচাষি গোলাম মাওলা আমার দেশকে বলেন, উৎপাদন খরচ ও নানা প্রতিকূলতার মধ্যেও কৃষকেরা পেঁয়াজ চাষ চালিয়ে যাচ্ছেন। আগে সরকার থেকে পেঁয়াজ চাষের জন্য ১০ কেজি ডিএপি, ১০ কেজি ইউরিয়া সার ও এক কেজি বীজ দেওয়া হতো।

প্রণোদনা বন্ধ হলে বাজার থেকে বেশি দামে সার ও বীজ কিনতে হবে, যা কৃষকদের আর্থিক চাপ আরও বাড়িয়ে দেবে বলে জানান তিনি। শুধু রাজবাড়ী নয়, ফরিদপুর ও পাবনার কৃষকেরাও পেঁয়াজ উৎপাদনে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এদিকে পেঁয়াজে প্রণোদনা না রাখার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল আমার দেশকে বলেন, এটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত।

উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং আমদানিনির্ভরতা এড়াতে দেশে পেঁয়াজ উৎপাদনে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জিত না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা ও ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন কৃষক ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...