1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১২ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:৪৭

39f480c3-d525-482c-b729-6cf0de1161c7_1200x730.webp

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে সাত শিশু রয়েছে। বুধবার বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিনিয়োর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল রয়েছেন। উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে একজন ফায়ার সার্ভিসকর্মীও সামান্য আহত হয়েছেন।

নিউইয়র্কের মেয়র মামদানি জানান, বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবন ধসের খবর জানিয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করা হয়। এক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসী প্রাণ হারিয়েছেন।’

নিহত ব্যক্তিদের পরিচয় এবং আহত শিশুদের বয়স সম্পর্কে কর্মকর্তারা বিস্তারিত জানাননি। নিহত দুজনের মধ্যে কেউ শিশু কি না, তা-ও নিশ্চিত করা হয়নি।

উদ্ধারকাজে ২৫০ কর্মী, ধসের ঝুঁকি

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবার ২৫০ জনের বেশি কর্মী উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এফডিএনওয়াইয়ের প্রধান কর্মকর্তা জন এসপোসিতো সতর্ক করে বলেছেন, ভবনটির আরও অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযানকে উদ্ধারকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।এসপোসিতো বলেন, ‘পরিস্থিতি খুবই অস্থিতিশীল। পাশের ভবনটির যে অংশ এখনো দাঁড়িয়ে আছে, সেটিও সব সময় বিপদের কারণ হয়ে রয়েছে। আমাদের প্রধান উদ্বেগ, ভবনটির আরও অংশ ধসে পড়তে পারে।’

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হতাহত ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান কয়েক দিন পর্যন্ত চলতে পারে। ধ্বংসস্তূপের অবস্থা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন উদ্ধারকর্মীরা।ফায়ার সার্ভিসের কমিশনার লিলিয়ান বনসিনিয়ো বলেন, ‘প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের অবস্থা ও কর্মীদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।’

পাশের নির্মাণস্থলে চলছিল খননকাজ

কর্মকর্তারা জানিয়েছেন, ধসে পড়া ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর গিয়ে পড়ে। নিউইয়র্ক সিটির ভবন নির্মাণ বিভাগের কমিশনার আহমেদ তিগানি বলেন, ভবনটি ধসের সময় পাশের নির্মাণস্থলে মাটি খননের কাজ চলছিল।

তিগানি জানান, ওই নির্মাণস্থলে তিনতলা ভবন নির্মাণের অনুমোদিত নকশা ছিল। তবে সেখানে নয়তলা ভবন নির্মাণের একটি পরিকল্পনা তখনো অনুমোদনের অপেক্ষায় ছিল।

দুর্ঘটনার পর ওই এলাকার সড়কে যান চলাচলে বিঘ্ন ও বিভিন্ন সড়ক বন্ধের বিষয়ে সতর্ক করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। নগরীর ভবন নির্মাণ বিভাগের পরিদর্শকেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন। পাশাপাশি আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতাও পরীক্ষা করছেন।

নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি ডি উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ফ্ল্যাটবুশের বেডফোর্ড অ্যাভিনিউয়ে ভবন ধসের ঘটনা তাঁরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের নিরাপত্তা এবং তাঁদের উদ্ধারে কাজ করা কর্মীদের জন্য প্রার্থনা করছেন বলেও জানান তিনি।

মেয়র মামদানিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থল নিরাপদ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। ক্ল্যারেন্ডন রোড থেকে বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই তা জানানো হবে বলেও উল্লেখ করেন মেয়র।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর কার্যালয় পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য উদ্বেগ প্রকাশ করে তাঁদের পাশে থাকার কথাও জানান তিনি।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় নগরীর জরুরি ব্যবস্থাপনা বিভাগ একটি অস্থায়ী সহায়তা কেন্দ্র খুলেছে। সেখানে রেডক্রসও সহায়তা দিচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...