1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৪ অক্টোবর, ২০২৬ দুপুর ০৩:০২

অভিযুক্ত আবু হুয়ায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ।
অভিযুক্ত আবু হুয়ায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে বিএনপির বিভিন্ন পদে পদায়ন ও মনোনয়ন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু হুবায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিংড়া পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। পুলিশ জানায়, তাঁর বাবা জিহাদুল ইসলাম বাংলাদেশ বেতারে কর্মরত ছিলেন এবং বর্তমানে চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হুয়ায়রা নিজের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। কথোপকথনের একপর্যায়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিতেন। এরপর সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া কিংবা বিএনপির রাজনৈতিক পদপ্রত্যাশীদের পদায়ন ও সবুজ সংকেত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে বিকাশ বা ক্যাশ আউট মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।


এজাহার সূত্রে আরও জানা যায়, গত ১৯ অক্টোবর বেলা ৩টা ১১ মিনিটে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্ত আবু হুয়ায়রা।


নিজের ভুয়া পরিচয় দিয়ে তিনি কাদের গণি চৌধুরীকে জানান, বিএনপির একটি বিশেষ রাজনৈতিক পদে পদায়নের জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এই অনলাইন ফর্মে নাম অন্তর্ভুক্ত করার কথা বলে তাঁর কাছে টাকা দাবি করা হয়। পরবর্তীতে একটি বিকাশ নম্বরে ১ হাজার ৭৮৫ টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।


একই কায়দায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের সঙ্গেও যোগাযোগ করে রাজনৈতিক পদায়নের নাম করে টাকা দাবি করেছিলেন এই চক্রের সদস্য। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


তিনি জানান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের নাম ও পরিচয় ব্যবহার করে এমন জালিয়াতির বিষয়টি জানার পর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন নিজেই বিষয়টির গভীরে খোঁজ নিতে অনুরোধ করেন। পরবর্তীতে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত আবু হুয়ায়রার আসল পরিচয় ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।


ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই সুসংগঠিত প্রতারণার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...