শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ ভারতীয় কসমেটিকস বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা মাঝেমধ্যে এসব পণ্য আটক করলেও চোরাচালানের সঙ্গে জড়িত মূল কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
গত রোববার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা এলাকা থেকে ভারতীয় কসমেটিকস বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পণ্যসহ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর অবৈধ চালানের প্রকৃত মালিক কে, তা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় কসমেটিকস পাচারের সময় স্থানীয়রা গাড়িটি আটক করেন। এ সময় চালক আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যান। তিনি মাটিফাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। অভিযোগ রয়েছে, চালক আশরাফুল কর্ণঝোড়া এলাকার বিপ্লব মিয়ার হয়ে বিভিন্ন স্থানে ভারতীয় কসমেটিকস পৌঁছে দিতেন।
সিহাব হাসান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, অটোরিকশাটি আটকের পর চালক আশরাফুল এসব পণ্য চোরাকারবারি বিপ্লবের বলে উল্লেখ করেছিলেন।
এদিকে কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের আদিল মিয়া জব্দ করা কসমেটিকস ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে গিয়ে তদবিরের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি সেখান থেকে চলে যান।
স্থানীয় রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড্রাইভার ও তদবিরকারী দুজনেই পরিচিত। তাহলে অবৈধ মালামালের আসল মালিক বের করতে পুলিশের এত গাফিলতি কেন? প্রভাবশালী রাজনৈতিক শেল্টারদাতাদের ছত্রছায়ায় এই ব্যবসা চলছে। আমরা এর সমূলে উৎখাত চাই।’
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও পরিবহনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পুলিশ জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৪৪০টি জনসন বেবি সোপ ও ৫৭৬টি সেসা হেয়ার অয়েল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা। পণ্য পরিবহনে ব্যবহৃত জামালপুর-থ-১১-০৪৮০ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মালামাল জব্দের পাশাপাশি পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার ৩৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...