সৌদি আরবের জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় গত রোববার চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। বাদশাহর পক্ষে উদ্বোধন করেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ।
উদ্বোধনের পর প্রিন্স সৌদ সম্মেলনের সঙ্গে যুক্ত প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি হাজিদের সেবায় ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি, তাঁদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ এবং স্মার্ট প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান সম্পর্কে অবহিত হন। পাশাপাশি অংশগ্রহণকারী সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
পরে বাদশাহ সালমানের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে সম্মেলনে অংশগ্রহণকারীদের সৌদি আরবে স্বাগত জানান এবং তাঁদের প্রতি বাদশাহর শুভেচ্ছা পৌঁছে দেন।
জেদ্দা সুপারডোমে ‘মক্কা থেকে বিশ্বে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এ ছাড়া ৫২০টিরও বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
সম্মেলনে হাজিদের সেবার মান উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং হজসংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, আন্তর্জাতিক হাজিদের সেবায় নিয়োজিত সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩৪টিতে উন্নীত হয়েছে। ৫৮টি দেশে সরাসরি চুক্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে।
পাশাপাশি ৭৫টি নতুন দেশের মুসল্লিদের ‘ডাইরেক্ট হজ প্রোগ্রাম’-এর আওতায় হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ১৪৪৭ হিজরি সালের হজে হাজিদের সন্তুষ্টির হার ছিল ৯৩ শতাংশ। অন্যদিকে নুসুক অ্যাপ ও প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে।
সম্মেলনে হাজিদের সেবার মান উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামো উন্নয়নে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এসব চুক্তির মধ্যে রয়েছে ৫৬০ কোটি সৌদি রিয়ালের ‘ওয়াসেল আল-হারাম’ প্রকল্প। প্রকল্পটির আওতায় মসজিদুল হারামে যাতায়াতের পথ ও স্টেশনগুলোর উন্নয়ন করা হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...