ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলিতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর সদস্য সৌরভ তোমর। তাঁর মাথায় গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে নিজ বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে আঘাত করে পরে সৌরভের মাথায় লাগে। তাঁর কানের ঠিক পেছনে গুলিটি বিদ্ধ হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। গোলাগুলি ও সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান। পরে অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগেও তাঁদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনের প্রেসিডেন্টস বডিগার্ড বাহিনীর সদস্য হিসেবে কর্মরত। দীপাবলি উদ্যাপনে ছুটি নিয়ে তিনি নিজ গ্রামে এসেছিলেন।
ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত প্রেসিডেন্টস বডিগার্ড বাহিনী। সেই বাহিনীতে কর্মরত অবস্থায় ছুটিতে এসে নিজ গ্রামে গুলিবিদ্ধ হলেন সৌরভ।
সূত্র: এনডিটিভি
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...