ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের অবস্থানে অটল রয়েছে মালয়েশিয়া। দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন ও দখলদারত্বের বিরোধিতাকে এ নীতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার।
আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রযুক্তি ও ডিজিটাল যাযাবরদের কমিউনিটি নেটওয়ার্ক স্কুলে ইসরাইলি নাগরিকদের উপস্থিতির অভিযোগ ওঠার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, কয়েকজন ইসরাইলি নাগরিক অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আনোয়ার ইব্রাহিম বলেন, ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ থেকে নেওয়া হয়নি। বরং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন, দখলদারত্ব ও সহিংসতার বিরোধিতা থেকেই মালয়েশিয়া এ অবস্থান নিয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়া ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়; দেশটি ইসরাইলের নিপীড়নমূলক কর্মকাণ্ড ও দখলদারত্বের বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতার আপত্তি সত্ত্বেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে আটজন মার্কিন কংগ্রেস সদস্য ইসরাইলি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন। মালয়েশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বানও জানান তাঁরা।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানান, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতি যুক্তরাষ্ট্র সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওয়াশিংটনে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছিল।
মোহামাদ হাসান বলেন, মালয়েশিয়ার অভিবাসন নীতিতে ইসরাইল রাষ্ট্র বা দেশটির ভ্রমণ নথি স্বীকৃত নয়। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়; দীর্ঘদিন ধরেই দেশটি এ নীতি অনুসরণ করছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিকত্ব থাকা এক ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরে যাচাইয়ে তাঁর ইসরাইলি নাগরিকত্বের বিষয়টি সামনে এলে তাঁকে দেশ ছাড়তে বলা হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের ইস্যু করা ভ্রমণ নথি দেশটিতে প্রবেশের জন্য স্বীকৃত নয়। বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে অভিবাসন যাচাই, নিরাপত্তা পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন আরও জোরদার করা হবে।
জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা কিংবা জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের প্রবেশে বাধা দেওয়া হবে। এ ক্ষেত্রে ১৯৫৯/১৯৬৩ সালের অভিবাসন আইনসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি ও তথ্যনিরাপত্তার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া। গত ২১ অক্টোবর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সরকারি কর্মকর্তাদের জন্য গুগলের মালিকানাধীন নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
সরকারি তথ্য ও ব্যবহারকারীদের ব্যক্তিগত উপাত্ত ইসরাইলি কর্তৃপক্ষের অপব্যবহারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকল্প হিসেবে সরকারি কর্মকর্তাদের দেশীয় নেভিগেশন অ্যাপ তুজু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে সরব দেশটি। গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরাইলবিরোধী অবস্থান আরও জোরালো করেছে কুয়ালালামপুর।
সূত্র: বারনামা ও রয়টার্স
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...